প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার । ছবি : সংগৃহীতবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সহযোগিতা বাড়ানো, প্রতিনিধিদলের সফর বিনিময় এবং সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
ওই নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রার্থিতার পক্ষে পাকিস্তান পূর্ণ সমর্থন দিয়েছিল বলে বৈঠকে উল্লেখ করেন স্পিকার।
বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের প্রস্তাব নিয়ে আলোচনা করেন তারা।
এ ছাড়া পাকিস্তানের আইনসভা ‘মজলিস-ই-শূরা’র অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
আলোচনা শেষে জাতীয় সংসদের আসন্ন অধিবেশন সরাসরি পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অন্যদিকে, পাকিস্তানের স্পিকারের বিশেষ আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে বলে বৈঠকে জানানো হয়।
সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে