প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৩:১৯ পিএম
আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি । ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পরপরই আন্দোলনকারীদের হামলার মুখে পড়ে ফায়ার সার্ভিসের গাড়ি। বহরের সামনের গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।
আনোয়ারুল ইসলাম দোলন জানান, হামলায় গাড়িটির সামনের কাচ এবং দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় ভাঙা কাচের আঘাতে চালকের হাতে কেটে যায় এবং রক্তপাত হয়।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এমন পরিস্থিতিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
সময়ের আলো/এসকে