প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ১:৪০ পিএম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। ছবি : সংগৃহীত ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একইসঙ্গে, বন্ধ হয়ে যায় যান চলাচল।
একপর্যায়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
এর আগের দিন শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একই দাবিতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। দুপুরের পর মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে শ্রমিকদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় অবস্থান নেয়।
বেলা ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।
সময়ের আলো/জেডি