প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১১:৩৮ এএম
ছবি : সংগৃহীত ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভের একপর্যায়ে কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে।
জানা গেছে, মজুরি বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।
সময়ের আলো/জেডি