প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত মেট্রোরেলের বন্ধ থাকা তিনটি স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে বর্তমানে মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন থামছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রোববার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকদেরও ইটপাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
সময়ের আলো/জেডি