প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৩:২৫ পিএম
মিরপুরে যান চলাচল স্বাভাবিক । ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে সৃষ্ট যানজট নিরসনে অভিযান চালিয়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করা হয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে সড়ক অবরোধমুক্ত করার পর সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের মাধ্যমেই বেতন-সংক্রান্ত বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়তে রাজি হননি। পরে জনসাধারণের ভোগান্তি কমাতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।
এদিকে, সড়ক পরিষ্কারের সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই সময় পুলিশ সড়ক অবরোধমুক্ত করার কাজে ব্যস্ত ছিল। কারও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়ে থাকলে তা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অন্যায় হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধের কারণে ওই এলাকার যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, একই দাবিতে গত শনিবারও মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাকশ্রমিকেরা।
সময়ের আলো/এসকে