দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান তদারকিতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৮ মে) প্রতিমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রতিমন্ত্রী আজ মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় বসে এই পাঁচ দফা নির্দেশনা জারি করেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।’
নতুন নির্দেশনানুযায়ী গঠিতব্য পাঁচ সদস্যের গার্ডিয়ান কমিটিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন, যারা সরাসরি খাবারের মান পর্যবেক্ষণ করবেন।
কার্যক্রমকে স্বচ্ছ করতে প্রতিমন্ত্রী আরও চারটি কড়া নির্দেশনা দিয়েছেন। এখন থেকে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না।
সরবরাহ ব্যবস্থায় জালিয়াতি রুখতে পণ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে তাদের পরিচয় যাচাই করতে হবে। কোনো অবস্থাতেই এই কাজ অন্য কোনো উপ-ঠিকাদারি বা সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।
এর পাশাপাশি মিড-ডে মিল কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) প্রতি মাসে অন্তত দুবার আকস্মিকভাবে উৎপাদন কারখানা পরিদর্শন করবেন।
সভায় স্কুল ফিডিং নিয়ে ইতিমধ্যে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/টিএইচ