সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ম্যাচের চতুর্থ দিনে দাপটের সঙ্গে মাঠে নেমেছে স্বাগতিকরা। টেস্টের ফল নিজেদের পক্ষে আনতে এখন দ্রুত উইকেট তুলে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৯ মে) তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করেছিল। চতুর্থ দিনের শুরুতেও ক্রিজে আছেন আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইজ। তবে সিলেটের উইকেট ও অতীত পরিসংখ্যান পাকিস্তানের জন্য মোটেও স্বস্তির বার্তা দিচ্ছে না।
এই মাঠে এখন পর্যন্ত খেলা পাঁচটি টেস্টের মধ্যে মাত্র একবার চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় এসেছে। সেটিও ছিল ২০২৩ সালে, যখন জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়ে ১৭৪ রান তাড়া করেছিল। এর বাইরে ৩০০ রানের বেশি লক্ষ্য নিয়ে কোনও দলই সফল হতে পারেনি।
আরও পড়ুন
সিলেটের এই ভেন্যুতেই ২০১৮ সালে ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ইনিংসের নিয়ন্ত্রণ রাখতে পারেনি টাইগাররা। একইভাবে নিউজিল্যান্ডও ৩৩২ রান তাড়া করতে গিয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছিল।
বাংলাদেশের মাটিতে ৩৫০ রানের বেশি লক্ষ্য সফলভাবে তাড়া করার রেকর্ডও মাত্র একবার। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাইল মেয়ার্সের দুর্দান্ত ইনিংসে ৩৯৫ রান তাড়া করে জয় এসেছিল। ফলে ৪৩৭ রানের লক্ষ্য পাকিস্তানের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলে ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। লিটন খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস, আর জয় করেন ৫২ রান।
সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।
এএডি/