কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে চলছে ‘সেলেব্রেটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল-২০২৬’। দুই দিনব্যাপী এই উৎসবের আজই শেষ দিন। রাত ১১টা পর্যন্ত চলবে ব্যতিক্রমী এই ফেস্টিভ্যাল।
টিভি উপস্থাপক সোনিয়া রিফাত, মৌসুমী মৌ, নীল হুরেজাহান ও অর্চি রহমান- চারজন নারী মিলে এই সুন্দর আয়োজনটির দায়িত্ব নিয়েছেন।
আনন্দঘন মুহূর্তে চার আয়োজক সোনিয়া রিফাত, মৌসুমী মৌ, নীল হুরেজাহান ও অর্চি রহমান।
দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত পোশাক, এক্সেসোরিজ ও ফ্যাশন সামগ্রী ক্রেতাদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে ‘রিওয়্যার’ সংস্কৃতিকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করার জন্য এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
সেলেব্রেটিদের পোশাকের পাশাপাশি মেলায় অংশ নিয়েছেন প্রায় ৮০ জন উদ্যোক্তা। ছোট-বড় নানা ব্র্যান্ড তাদের ঈদসংগ্রহ নিয়ে হাজির হয়েছে এখানে। আফসানা ফেরদৌসী, সরলা, ঋতি, তান, পুটলি ও নগর নন্দিনী-সহ বিভিন্ন ব্র্যান্ডের স্টলে মিলছে ডিজাইনার শাড়ি, ব্লাউজ, কুর্তি, হাতে বানানো গহনা, সানগ্লাস, সুগন্ধি, স্কিনকেয়ার পণ্য ও হ্যান্ডিক্রাফট।
পেইন্টিং করা পণ্য নিয়ে ফেস্টিভ্যালে স্টল দিয়েছেন এক উদ্যেক্তা।
আয়োজক সোনিয়া রিফাত সময়ের আলোকে বলেন, 'সেলিব্রিটি আর্কাইভ ফেস্টিভ্যাল আগে ছোট পরিসরে করেছিলাম। সেবার খুব ভালো সাড়া পেয়েছিলাম। তাই এবার একটু বড় পরিসরে করলাম। আগেরবার মাত্র পাঁচ থেকে ছয়জন সেলিব্রিটি অংশগ্রহণ করেছিল। এবার অনেক সেলিব্রেটি অংশগ্রহণ করেছে। অসংখ্য তারকারা এখানে পোশাক কান্ট্রিবিউট করেছে।'
এবার কেমন সাড়া পাচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন- 'এখন পর্যন্ত বেশ ভালো। কাউন্টারের সামনে ভিড় লেগে আছে। মানুষজন ঘুরে দেখছে, পোশাক পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে। সবাই উপভোগ করছে খুব।'
এমন ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনার পেছনে অনুপ্রেরণা কী, জানতে চাইলে আয়োজক মৌসুমি মৌ বলেন, 'এটা দেশের বাইরে খুব প্রচলিত যে, সেলিব্রেটিদের ব্যবহৃত পোশাকগুলোকে ডিকলাটার করা বা পুনরায় সেল করা। কারণ এই কাপড়গুলো কিন্তু নতুন থেকে যায়। একজন সেলিব্রেটি হয়ত কাপড়গুলো একবার বা দুবার পরে, তারপর সেগুলো অযথা আলমারিতে রয়ে যায়। আমরা ভাবলাম, তাহলে এই কাজটা আমরা কেন করছি না? যেহেতু এরকম আমাদের অনেক কাপড় পড়ে থাকে। তাই এমন আয়োজন করা।'
তিনি আরও বলেন, 'এখানে প্রায় ৪০ জন তারকা নিজেদের পোশাক, গহনা, ব্যাগ এসব কন্ট্রিবিউট করেছেন। বিদ্যা সিনহা মীম, পূর্ণিমা আপু, সাফা কবির, তানজিকা আমিন, সাদিয়া আয়মান, ইমরান মাহমুদুলসহ অনেকেই এ আয়োজনে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমার নিজের কাপড় আছে। এমন আয়োজনের ফলে অনেক দামি পোশাক তুলনামূলক খুব কম দামে কিনতে পারছে সবাই।'
হেরিটেজ কর্ণারে জামদানি বুনতে ব্যস্ত দুই কারিগর।
এই ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ‘হেরিটেজ কর্ণার’। এখানে দুই কারুশিল্পী জামদানি বুননের কাজ করছেন। এতে দর্শনার্থীরা সরাসরি দেখতে পারছেন, বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্পের কাজ।
এ ছাড়াও পুরো আয়োজনজুড়ে রয়েছে ফুড জোন, এক্সপেরিয়েন্স জোন এবং বিশেষ মেহেদি কর্ণার। সব মিলিয়ে বেশ জমজমাট এক মিলনমেলা।