প্রযুক্তিনির্ভর ভূমি সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও দাফতরিক হয়রানি কমাতে চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার শুরু হওয়া এ মেলার অংশ হিসেবে বুধবার ( ২০ মে ) তৌহিদুল আনোয়ার হাই স্কুলে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতামূলক সভা।
উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সভায় শিক্ষার্থীরা ভূমি সেবায় দুর্নীতি, দালালচক্র, ঘুষ বাণিজ্য, জটিল প্রক্রিয়া ও রেকর্ড জালিয়াতি বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।
জবাবে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ভূমি সেবায় অটোমেশন চালুর ফলে এখন মানুষকে সরাসরি ভূমি অফিসে যেতে হয় না। ঘরে বসেই অনলাইনে নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে। এতে দুর্নীতি ও ভোগান্তি কমেছে এবং সেবার স্বচ্ছতা বেড়েছে।
তিনি আরও বলেন, সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে ডিজিটাল সেবার আওতায় এনেছে। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমেই অভিযোগ দাখিল, তথ্য যাচাই এবং বিভিন্ন ভূমি সংক্রান্ত আবেদন করা সম্ভব হচ্ছে।
ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভূমি বিষয়ে সঠিক জ্ঞান থাকলে ভবিষ্যতে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা পাওয়া সহজ হবে।
তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. ফরহাদ হোসেন বলেন, ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে জিআইএস প্রযুক্তির মাধ্যমে মানচিত্রভিত্তিক জমির তথ্য দেখার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এতে জমির সীমানা বিরোধ ও মামলার সংখ্যা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার বেগম। এসময় বিএনপি নেতা মো. এয়াকুব শহীদ, মো. হাসান উদ্দিন, নাজিম উদ্দিন বাচ্ছুসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
/এসএকে