সেতু নয় যেন মরণফাঁদ

সোহাগ জামান, ফরিদপুর

সারাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাজারের সন্নিকটে খালের ওপর থাকা সেতুটি যেন মরণফাঁদ। সেতুটির বেশিরভাগ অংশই অকেজো। দুই পাশের

2026-05-22T05:38:22+00:00
2026-05-22T05:38:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেতু নয় যেন মরণফাঁদ
এক যুগ ধরে ঝুঁকিতে সালথার হাজারো মানুষ
সোহাগ জামান, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৩৮ এএম 
তিন যুগ আগে নির্মিত সেতুটি বর্তমানে পরিত্যক্ত। ছবি : সময়ের আলো
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাজারের সন্নিকটে খালের ওপর থাকা সেতুটি যেন মরণফাঁদ। সেতুটির বেশিরভাগ অংশই অকেজো। দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগেই। ফলে বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে রেলিং। 

আর সেতুটির পাটাতন বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। কাঠ দিয়ে পাটাতন বানানো হয়েছে। আর পিলারগুলোর পলেস্তারা খসে গিয়ে লোহার রড পর্যন্ত বেরিয়ে গেছে এবং দেবে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে ভাঙাচোরা সেতুটি দিয়েই তারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তিন যুগ আগে নির্মিত এ সেতুটি এখন পরিত্যক্তই বলা চলে। কিন্তু বিকল্প না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়েই এ এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন। শুধু মানুষের চলাচলই নয়, এ সেতু দিয়ে কৃষকরা বিভিন্ন পণ্যসামগ্রী বাজারে আনা নেওয়াও করেন।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ১৯৮৮ সালে সেতুটি নির্মাণ করা হয়। এক দশকের বেশি সময় ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সেতুটি এখন আতঙ্ক হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। কখন যে ভেঙে গিয়ে প্রানহানির ঘটনা ঘটে তা নিয়েই সবাই আতঙ্কিত থাকি। প্রতিদিন এ সেতু দিয়েই হাজার হাজার মানুষ চলাচল করছে ঝুঁকি নিয়েই।

সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া জানান, কাগদি বাজার সংলগ্ন সেতুটির বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। সেতুর পাতাটন ও রেলিং খসে পড়েছে, পিলারগুলো দেবে গেছে। নতুন সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।

সেতুটিতে উঠলেই আল্লাহর নাম জপেন বলে জানান বাজারের ব্যবসায়ী ইউনুস মাতুব্বর। তিনি বলেন, সেতুটির অবস্থা এতটাই খারাপ যে, যেকোনো সময় ভেঙে গিয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে।

 ফলে সেতু দিয়ে যাওয়ার সময় আল্লাহর নাম নিতে থাকি। কাগদি এলাকার ভ্যানচালক হানিফ শেখ বলেন, ভয়ে আর ভ্যান নিয়ে বাজারে যাই না, কখন ভেঙে যায় বলা তো যায় না।

স্থানীয়রা জানান, কাগদি বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ছাড়াও এ সেতু দিয়ে স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। সেতুটি দিয়ে বাজার, মসজিদ, মন্দির, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে হয়। তা ছাড়া এলাকার কৃষিপণ্য এ সেতু দিয়েই বিভিন্ন হাট-বাজারে আনা নেওয়া করা হয়। 
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় তারা জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। মাঝেমধ্যে কর্মকর্তারা মাটি পরীক্ষা করে সেতুটি পুনর্নির্মাণের কথা বলে গেলেও রহস্যজনক কারণে হয়নি নতুন সেতু। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


  বিষয়:   সেতু  মরণফাঁদ  ঝুঁকি  সালথার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: