ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুফতি মুহিববুল্লাহিল বাকী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি

2026-05-22T17:00:40+00:00
2026-05-22T17:01:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুফতি মুহিববুল্লাহিল বাকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৫:০১ পিএম
মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। সংগৃহীত ছবি
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও ৫(ক)(২) অনুযায়ী তাকে অন্যান্য পেশাগত বা প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ধর্মীয় জ্ঞান, আধুনিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা একজন আলেম হিসেবে মুফতি মুহিববুল্লাহিল বাকী দীর্ঘদিন ধরে ইসলামী অঙ্গনে সুপরিচিত। তিনি কওমি, আলিয়া এবং বিশ্ববিদ্যালয়-তিন ধারার শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। 

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে পড়াশোনা করেন। দাওরায়ে হাদিস, কামিল এবং মাস্টার্স-সব পর্যায়েই তিনি কৃতিত্ব অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন শিক্ষক, গবেষক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন। পাশাপাশি চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুমসহ একাধিক প্রতিষ্ঠানে পাঠদান করেছেন। তার মাধ্যমে বহু শিক্ষার্থী ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষা লাভ করেছেন।

ধর্মীয় অঙ্গনে তিনি একজন গ্রহণযোগ্য আলেম হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামতি করেছেন। এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে ইসলামের মধ্যপন্থা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন।

ইসলামী অর্থনীতি ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সর্বশেষ সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক ইসলামী উইংয়ের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডে তিনি দায়িত্ব পালন করেন।

তিনি দেশ-বিদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করেছেন। মিশর ও ভারতসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার বিচারক হিসেবে অংশগ্রহণ রয়েছে। আরবি, উর্দু, হিন্দি, ফারসি, ইংরেজি ও বাংলা ভাষায় তার দক্ষতা তাকে বহুভাষিক একজন আলেম হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি ৭টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা কার্যালয়, ৭টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি ইসলামিক প্রচারণা কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে।

আরবিএন 



  বিষয়:   মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী  ইসলামিক ফাউন্ডেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: