ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (২২ মে) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সেবা মেডিসিন হল, পপুলার ফার্মেসি, আনু স্টোর এবং একটি চা স্টল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা দোকানে মালামাল তুলেছিলেন। ঈদকে সামনে রেখে অতিরিক্ত পণ্য মজুত করা হয়েছিল। আগুনে সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী রাসেল সরকার জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, ঈদ উপলক্ষে আসন্ন গরুর হাটকে কেন্দ্র করে দোকানে বেশি মালামাল রাখা হয়েছিল। আগুনে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
খাড়েরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহন মিয়া জানান, কয়েকটি দোকানে বড় অঙ্কের মালামাল ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
কসবা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মানিক সিকদার জানান, খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের দোকানগুলো রক্ষা করা গেছে।
/এসএকে