চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ৯০ লাখ ৯০ হাজার টাকার লভ্যাংশের চেক বিতরণ করেছে বন বিভাগ। বন রক্ষা করে স্বাবলম্বী হয়েছেন তারা।
শুক্রবার (২২ মে) দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস চত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বনবিভাগ জানায়, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতায় ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে ৫৫ হেক্টর এলাকায় সামাজিক বনায়ন সৃজন করা হয়। ওই বাগানের গাছ বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ শতাংশ হারে উপকারভোগীদের এই অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
তিনি বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা বাড়ে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বন সংরক্ষণে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী, চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর আলম, আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল করিম, হারবাং বিট কর্মকর্তা মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/এসএকে