শেরপুর শহরের ঢাকলহাটীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিশু বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানায়, গত পাঁচ দিন আগে রাতে শিশুটি তার চাচার বাড়িতে বসে মোবাইল দেখছিল। এ সময় প্রতিবেশী শাহীন মিয়ার ছেলে কাওসার (২১) ওই শিশুকে কৌশলে বাড়ির ঝোপে নিয়ে ধর্ষণ করে। এতে ওই শিশুটির রক্তক্ষরণ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের পরামর্শে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
শুক্রবার (২২ মে) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত কাওসারের মা ও তাদের লোকজন দুপুরে তাকে শেরপুর জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে। তবে বিষয়টি জানাজানি হওয়ায় দ্রুত অভিযুক্তের মা হাসপাতাল থেকে সটকে পড়েন। পরে শিশুটিকে রাতে গাইনি বিভাগে ভর্তি করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর সৎ মায়ের সঙ্গে বসবাস করেছে। পরে তার নিজের মা বিষয়টি জানার পর ওই মা থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমরা এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।
সময়ের আলো/জোই