ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় শাহ পরান (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০।
শনিবার (২৩ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ পরান পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করে।
জানা গেছে, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটি ও ধর্ষক শাহ পরান একই বাড়িতে থাকে। আজ দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুযোগে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। ধর্ষণ চেষ্টার সময় এক অটোরিকশাচালক ঘটনাটি দেখতে পায়। তৎক্ষণাৎ সে চিৎকার করে লোক জড়ো করে। পরবর্তীতে লোকজন ধর্ষককে গণধোলাই দিলে খবর পেয়ে র্যাব এসে তাকে আটক করে।
র্যাব ১০ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘আমাদের টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
/মহু