সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ রক্ষায় ১১ দফা দাবি উত্থাপন করেছে সুন্দরবন সাংবাদিক ফোরাম, বরগুনা।
শুক্রবার (২৩ মে) সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে এ দাবিপত্র জমা দেওয়া হয়। এরপর বিকেল ৪টায় পাথরঘাটায় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে সুন্দরবন সাংবাদিক ফোরাম।
দাবিতে সুন্দরবন সংলগ্ন নদী-খাল ও উপকূলীয় এলাকায় প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ, বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। পাথরঘাটা উপজেলার বাজার, মাছের আড়ৎ, নদীতীর ও জনসমাগমস্থলে অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সুন্দরবন সংলগ্ন নদী ও খালে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি পেশ করা হয়।
এ ছাড়া উপকূলীয় এলাকায় নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার কমিটি, জেলে সম্প্রদায়, সাংবাদিক ও যুব সংগঠনকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান এবং নদী ও খালে জমে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবিও জানানো হয়।
দাবিপত্রে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগ, সাংবাদিক সংগঠন, পরিবেশবাদী সংগঠন ও যুব প্রতিনিধিদের সমন্বয়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আবু জাফর মো. সোহেল ও আহ্বায়ক মবিন হোসেন কামাল স্বাক্ষরিত এ দাবিপত্রে পাথরঘাটা উপজেলাকে ধাপে ধাপে ‘পলিথিনমুক্ত উপজেলা’ ঘোষণার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, মীর্জা শহিদুল ইসলাম খালেদ, চৌধুরী মোহাম্মদ ফারুক প্রমুখ।
/মহু