বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। রোববার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বিজয় বড়ুয়া সদর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সকালে ভুক্তভোগী শিশু বিষয়টি তার মা-বাবাকে জানালে পরিবারের সদস্যরা তাকে দ্রুত থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওয়াহেদুল জামান মুরাদ জানান, ঘটনার খবর পাওয়ার পর একজন নারী চিকিৎসককে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভুক্তভোগী শিশুটি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দ্রুত পেতে পারে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত বিজয় বড়ুয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই