বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ এবার শুধু প্রশাসনিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো ক্রিকেটাঙ্গনে। এর বড় কারণ, নির্বাচনের মাঠে আছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটারের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাই যেন নতুন মাত্রা এনে দিয়েছে বিসিবির ভোটযুদ্ধে।
সরকারের পক্ষ থেকেও স্বাভাবিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে আগেই। সেই আবহে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এখন স্পষ্ট, বিশেষ করে ক্লাব ক্যাটাগরিতে জমে উঠছে হাড্ডাহাড্ডি লড়াই। ১২টি পদের বিপরীতে বৈধতা পেয়েছেন ১৮ প্রার্থী, যেখানে সবচেয়ে বেশি আলোচনায় তামিম-সমর্থিত বলে পরিচিত অঘোষিত প্যানেল।
শনিবার নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২-এ সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ক্যাটাগরিতে তামিম ইকবাল সমর্থিত বলে পরিচিত একটি অঘোষিত প্যানেলও রয়েছে।
সেই প্যানেলে আছেন মোহামেডানের মাসুদুজ্জামান, আবাহনীর ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আজাদ স্পোর্টিংয়ের মীর্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার্স ক্লাবের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাঈদ ইব্রাহিম আহমেদ ও পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ সালাম।
এ ছাড়া ক্লাব ক্যাটাগরিতে লড়ছেন সাবেক পরিচালক ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের ইমরোজ আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বোরহানুল হোসেন, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের হারুন উর রশিদ, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল এবং উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান।
ঢাকা বিভাগে তিনজন মনোনয়ন জমা দিলেও জসিমউদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হওয়ায় সাঈদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকেও একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পেয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর। ফলে তিনিও পরিচালক পদ নিশ্চিত করেছেন।
সব মিলে ভোটের আগেই ছয়জন পরিচালক নিশ্চিত হয়ে গেছেন। তারা হলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন, ঢাকা বিভাগের সাঈদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং ক্যাটাগরি-৩-এর সিরাজউদ্দিন মো. আলমগীর। যাচাই-বাছাইয়ে একমাত্র বাতিল হয়েছে গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হওয়া জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন। বিসিবি জানিয়েছে, জমা পড়া মোট ৩৩টি মনোনয়নের মধ্যে বৈধ পাওয়া গেছে ৩২টি।
চট্টগ্রাম বিভাগে পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম। এখান থেকে নির্বাচিত হবেন দুজন। খুলনা বিভাগে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম; সেখান থেকেও নির্বাচিত হবেন দুজন। বরিশাল বিভাগে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী লড়বেন একটি পদের জন্য।
/এসএকে