দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশে অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিগত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত এই মনিটরিং সেল বিশেষভাবে শক্তিশালী করা হয়েছে এবং মহাসড়ক, পশুর হাট ও এক্সপ্রেসওয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকা অংশে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা দিয়ে দায়িত্ব পালন করছেন।
বিগত সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা অনেক কম উল্লেখ করে মন্ত্রী বলেন, গতকাল নওগাঁয় লোহার রডবাহী ট্রাকে ছাদযাত্রীদের দুর্ঘটনাটি অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে ঘটেছে। তিনি নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া অনুমোদিত পশুর হাটের বাইরে কোনো অবৈধ হাট বসতে দেওয়া হবে না জানিয়ে মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা অবৈধ হাট বন্ধের কথা উল্লেখ করেন এবং হাটে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপনের তথ্য দেন।
নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাবের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের মাধ্যমে প্রচুর অস্ত্রসহ দাগী আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং সেখানে একটি সমন্বিত ‘নিরাপত্তা ও প্রশাসনিক হাব’ গড়ে তোলার পরিকল্পনা চলমান রয়েছে।
উত্তরবঙ্গগামী যাত্রীদের যমুনা সেতুর টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে এই জটলা তৈরি হচ্ছে। এর স্থায়ী সমাধানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে ডিজিটাল অটোমেশন চালুর পরামর্শ দেওয়া হবে বলে তিনি জানান।
সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে তিনজন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য আহ্বান করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
সময়ের আলো/টিএইচ