স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুটপাটের উদ্দেশ্যে টিকা সংগ্রহে অবহেলা করা হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় বিদেশি দাতাগোষ্ঠী বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে ভ্যাকসিন দিতে আগ্রহী থাকলেও সরকার তা গ্রহণ করেনি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ওই দুই সরকার বেসরকারি উৎস থেকে টিকা কেনার চেষ্টা করেছিল। তবে নিজেদের স্বার্থ অনুযায়ী পরিস্থিতি না হওয়ায় শেষ পর্যন্ত টিকা সংগ্রহ করা হয়নি। এর ফলেই দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং অনেক পরিবার সন্তান হারানোর বেদনায় আক্রান্ত হয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত টিকার ব্যবস্থা করে সারাদেশে টিকাদান কার্যক্রম চালু করেছে। এর ফলে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে।
ডেঙ্গু মোকাবেলায়ও সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে বড় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আগামী দিনে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে।
/এসএকে