জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল

2026-05-28T21:05:58+00:00
2026-05-28T21:05:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
জামিনে মুক্তির পর সাবেক এমপি দবিরুলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:০৫ পিএম 
সংগৃহীত ছবি
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের একান্ত সহকারী কামরুজ্জামান শামীম মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

দীর্ঘ প্রায় দেড় বছর তীব্র অসুস্থ অবস্থায় কারাভোগ করার পর গত ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতের আদেশে জামিনে মুক্তি পেয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। তবে বাবার মুক্তি মিললেও ওই আসনের সাবেক সংসদ সদস্য ও দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন এখনো দিনাজপুর কারাগারে বন্দি রয়েছেন।

তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিবিদ ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ‘সিপিবি’ থেকে তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল এবং প্রথম জীবনে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে সিপিবির প্রার্থী হিসেবে ‘চাবি’ প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সিপিবি ছেড়ে পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং দলটির জেলা সভাপতির দীর্ঘ দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁও-২ আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় এক অপরাজেয় রাজনৈতিক দুর্গ গড়ে তোলেন। এরপর ২০২৪ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে দবিরুল ইসলামের বদলে তাঁর ছেলে মাজহারুল ইসলাম সুজনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং নির্বাচনে জয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য অনেক নেতার মতো দবিরুল ইসলামকেও কারাগারে পাঠানো হয়। ওই বছরের ২ অক্টোবর দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে যৌথ বাহিনী গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকেই তিনি তীব্র বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং সম্প্রতি জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: