বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ এবং দেশের সার্বিক জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে মধ্য এশিয়ার দেশ আজারবাইজান।
বুধবার (৩ জুন) আজারবাইজান সফররত বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আজারবাইজানের প্রধান সংবাদমাধ্যম ক্যালিবার ডট এজেডের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভ তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে এলএনজি এবং অন্যান্য জ্বালানি পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা এবং বিশ্ব বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও বহুমুখী করার বিষয়ে গভীর মতবিনিময় হয়েছে।
এই আলোচনার মাধ্যমে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সকার’ বা স্টেট অয়েল কোম্পানি অব আজারবাইজান রিপাবলিকের বাংলাদেশের স্থানীয় বাজারে সরাসরি কার্যক্রম ও বিনিয়োগ সম্প্রসারণের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
দুই দেশের এই শীর্ষ আলোচনা মূলত পূর্ববর্তী কূটনৈতিক ধারাবাহিকতারই একটি অংশ। এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেছিলেন।
সেই সময় প্রেসিডেন্ট আলিয়েভ স্পষ্ট করে বলেছিলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। সেই লক্ষ্য বাস্তবায়নে এবং বাংলাদেশে বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চপর্যায়ের বিশেষ প্রতিনিধিদল চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করে, যা বর্তমান জ্বালানি চুক্তিকে আরও ত্বরান্বিত করেছে।
সময়ের আলো/টিএইচ