চলতি আলোচনা কিংবা যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সীমালঙ্ঘন বা অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নীতি নির্ধারণী পরিষদ ‘এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজাই এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ইরানের ওপর প্রতিটি আঘাত এবং আগ্রাসনের জবাব দেওয়া হবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। ইতিহাস কখনো পেছনে ফিরে যায় না এবং যেকোনো আগ্রাসনকারীকে অনতিবিলম্বে কঠোর শাস্তি ভোগ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, চলমান কোনো আলোচনা কিংবা সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়া কোনোক্ষেত্রেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ওপর আধিপত্য বিস্তারের বা সীমালঙ্ঘন করার সুযোগ দেবে না।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নানা সমীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর ও সরাসরি হুঁশিয়ারি বার্তা এল। ওদিকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইরান যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান এই শীর্ষ ইরানি কর্মকর্তা।
/কহু