নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাসা রেলগেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম (মুন্সি) হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘রফিকুল ইসলাম মুন্সি ছিলেন এলাকার একজন সুপরিচিত, সৎ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত নিরপরাধ ব্যবসায়ী। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাতে আজ এলাকাবাসীর মধ্যে গভীর শোক, ক্ষোভ ও চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে এই হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষে আরও বক্তব্য রাখেন তোফাজ্জল মেম্বার, মোসলেহ উদ্দিন শুভ, কালা মিয়া, তাজেল প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা না হলে এলাকাবাসী আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নিহতের পরিবার ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সময়ের আলো/জেডি