পশ্চিম তীরের অবৈধ বসতিতে কর ছাড়ের অনুমোদন দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের কয়েক ডজন অবৈধ ইহুদি বসতির বাসিন্দাদের কর ছাড়ের সুবিধা দিয়ে আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’। বৃহস্পতিবার

2026-06-04T18:58:10+00:00
2026-06-04T18:58:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিম তীরের অবৈধ বসতিতে কর ছাড়ের অনুমোদন দিলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৯)
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের কয়েক ডজন অবৈধ ইহুদি বসতির বাসিন্দাদের কর ছাড়ের সুবিধা দিয়ে আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’। বৃহস্পতিবার (৪ জুন) নেসেটে এই আইনটি ৩২-২৩ ভোটে পাস হয়। 

নেসেটের এক বিবৃতির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট সদস্যরা বিলটির চূড়ান্ত অনুমোদন দেন। পূর্ব সংঘাতপূর্ণ সীমান্ত অঞ্চলের অবৈধ বসতিগুলোর বাসিন্দারা এই কর ছাড়ের সুবিধা পাবেন।

কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দল রিলিজিয়াস জায়োনিজ-এর সদস্য জভি সুকোত এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগভিরের দল জিউইশ পাওয়ার-এর সদস্য লিমোর সন হার-মেলেচসহ বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য যৌথভাবে এই বিলটি উত্থাপন করেন।

এই আইনের আওতায়, এই অঞ্চলের বাসিন্দারা পুরো বছরেই কর ছাড়ের সুবিধা পাবেন। এছাড়া কেউ যদি একাধিক ছাড়ের যোগ্য হন, তবে তিনি নিজের পছন্দমতো যে কোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন।

নতুন এই আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে আইনটিতে অর্থমন্ত্রীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যার মাধ্যমে তিনি নেসেটের অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে এই আইনের মেয়াদ প্রতি দফায় সর্বোচ্চ দুই বছর করে বাড়াতে পারবেন।

গত মে মাসের শেষের দিকে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের বসতি স্থাপন বিরোধী সংগঠন ‘পিস নাও’ জানিয়েছিল, এই আইনের ফলে অবৈধ বসতি এমন একটি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে, যার বাসিন্দারা বড় অঙ্কের কর ছাড়ের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

সংগঠনটি উল্লেখ করেছে, শুরুতে এই বিলের মাধ্যমে সব অবৈধ বসতিকেই কর ছাড়ের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছিল। তবে বিপুল আর্থিক খরচ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আপত্তির কারণে পরিধি কমিয়ে শেষ পর্যন্ত ৫৮টি অবৈধ বসতিকে এই আইনের আওতায় রাখা হয়েছে।

‘পিস নাও’-এর মতে, আইনটির সংশোধিত সংস্করণে মূলত এমন সব অবৈধ বসতিকে যুক্ত করা হয়েছে। যেখানে অর্থমন্ত্রী স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিজম দলের রাজনৈতিক সমর্থন অত্যন্ত জোরালো।


আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত এসব ইহুদি বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় হিসেবে বিবেচনা করে।

২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকেই নেতানিয়াহু সরকার প্রকাশ্যে অবৈধ বসতি সম্প্রসারণের নীতিকে সমর্থন দিয়ে আসছে। ‘পিস নাও’-এর হিসাব অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে সাড়ে সাত লাখেরও বেশি ইসরায়েলি দখলদার বসবাস করছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পশ্চিম তীর  অবৈধ বসতি  কর ছাড়  ইসরায়েল  পার্লামেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: