বিসিবি নিয়ে এখনই মন্তব্য নয় আইসিসির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে যখন নানা আলোচনা, ব্যাখ্যা আর দাবি-পাল্টা দাবিতে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন, তখন নিজেদের অবস্থান স্পষ্ট

2026-06-05T06:37:41+00:00
2026-06-05T06:37:41+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
বিসিবি নিয়ে এখনই মন্তব্য নয় আইসিসির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৩৭ এএম   (ভিজিট : ১৬)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে যখন নানা আলোচনা, ব্যাখ্যা আর দাবি-পাল্টা দাবিতে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন, তখন নিজেদের অবস্থান স্পষ্ট করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বাংলাদেশ সফর করে যাওয়া আইসিসির প্রতিনিধি দল বিসিবির নির্বাচন বা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রতিনিধি দলের সংগ্রহ করা তথ্য ও পর্যবেক্ষণ যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইসিসি। বিজ্ঞপ্তির শিরোনাম ছিল, ‘শাসন ও নির্বাচনি বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর।’ সেখানে সংক্ষিপ্তভাবে প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

আইসিসি জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এএস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং স্যার তাভেঙ্গুয়া মুকুলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্কিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও ঘটনাবলি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে।’

প্রতিনিধি দলের সফর ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা সামনে আসার প্রেক্ষাপটে আইসিসি আরও স্পষ্ট বার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, প্রতিনিধি দলের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো অবস্থান জানানো হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধি দলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। সুতরাং এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

এর আগে আইসিসি জানিয়েছিল, বিসিবির নির্বাচনি প্রক্রিয়াসহ বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট প্রশাসনিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই বাংলাদেশে এসেছিলেন প্রতিনিধি দলের দুই সদস্য ড. মোহাম্মদ এএস মুসাজি ও তাভেঙ্গুয়া মুকুলানি।

সফরকালে তারা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বিসিবির আগের পরিচালনা পর্ষদের কয়েকজন পরিচালক, নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তা এবং নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গেও আলোচনা করেন তারা।

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক কাঠামো, চলমান নির্বাচনি প্রক্রিয়া এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে বিভিন্ন পক্ষের মতামত ও তথ্য সংগ্রহের পর এখন তাদের পর্যবেক্ষণ জমা পড়বে আইসিসি বোর্ডের কাছে।

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই আইসিসি প্রতিনিধি দলের এই সফর দেশের ক্রিকেট অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে।


  বিষয়:   বিসিবি  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: