ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতরা হলেন— অটোরিকশার চালক মাহবুব এবং যাত্রী জোসনা বেগম ও তার পাঁচ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল। এ ঘটনায় জোসনার স্বামী কাউসার ও তাদের চার বছর বয়সী কন্যাসন্তান আদিবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী ও সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ গাড়িটি জব্দ করার পাশাপাশি পলাতক চালক ও সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।