আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশের কোটি কোটি ক্রীড়ামোদীর মাঝে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার অবশেষে অবসান ঘটেছে। টেলিভিশনের পর্দার পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমেও দর্শকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। টিভি সম্প্রচারের ক্ষেত্রে বিটিভি, সময় টিভি ও টি-স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছে দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এই স্বত্ব পেয়েছে শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের স্বত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে বিটিভি, টি-স্পোর্টস এবং আরেকটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের একটি বিশেষ কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সরাসরি খেলা দেখানোর স্বত্ব ক্রয় চূড়ান্ত করেছে। চ্যানেলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি সম্পন্ন করার আইনি ও প্রক্রিয়াগত দিকগুলো এখন শেষ হয়েছে। এর ফলে ঘরের মাঠে বসে টেলিভিশন সেটেই দর্শকরা খেলা দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের বাজারের জন্য বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকতে তারা স্থানীয় পর্যায়ে তা বিক্রি করতে ব্যর্থ হয় এবং একপর্যায়ে চুক্তি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ায়। শেষ মুহূর্তের এই নজিরবিহীন সংকট নিরসনে বড় ভূমিকা পালন করেন দেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তারা অত্যন্ত দ্রুততার সাথে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম এবং টেলিকম সংস্থাগুলোর সঙ্গে জরুরি যোগাযোগ স্থাপন করে এই জট ছাড়াতে সক্ষম হন। এই উদ্যোগের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ওপর কোনো আর্থিক বোঝা চাপছে না; সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় যৌথভাবে বহন করছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও সহযোগী অপারেটররা।
টেলিভিশনের এই সুখবরের পাশাপাশি ডিজিটাল দুনিয়ার দর্শকদের জন্য এসেছে আরেকটি বড় ঘোষণা। ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্পূর্ণ ডিজিটাল সম্প্রচার স্বত্ব নিজেদের করে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-এর মাধ্যমে দেশের ফুটবল ভক্তরা যেকোনো স্থান থেকে সরাসরি এবং উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।
/কহু