রাশিয়ার কাছে জ্বালানি চাইবে বাংলাদেশ

এমএকে জিলানী

জাতীয়

বিশ্বব্যাপী চলমান নানান উত্তেজনায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটে ভুগছে। দেশের জ্বালানি সংকট মেটাতে ঐতিহাসিক বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়ার কাছে

2026-06-07T01:00:16+00:00
2026-06-07T01:00:16+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
রাশিয়ার কাছে জ্বালানি চাইবে বাংলাদেশ
এমএকে জিলানী
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:০০ এএম   (ভিজিট : ১৪)
রাশিয়ার কাছে জ্বালানি চাইবে বাংলাদেশ। সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী চলমান নানান উত্তেজনায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটে ভুগছে। দেশের জ্বালানি সংকট মেটাতে ঐতিহাসিক বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়ার কাছে সহযোগিতা চাইবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করছেন। এই সফরে জ্বালানি খাতে সহযোগিতা চাওয়াসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক ইস্যুতে রাশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের রাশিয়া সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সফরটি ৭ থেকে ৯ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশি প্রতিনিধি দল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ফেডারেশন কাউন্সিল ও রোসাটম স্টেট করপোরেশনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবে।

কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, রাশিয়া বাংলাদেশের অনেক পুরোনো এবং পরীক্ষিত বন্ধু দেশ। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আজকের রাশিয়া ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে তারা বাংলাদেশের পক্ষে জাতিসংঘে জোরালো ভূমিকা পালন করে এবং বাংলাদেশিদের অধিকার ও স্বাধীনতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। সেই থেকে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এবং এই বন্ধুত্ব আরও নিবিড় হয়েছে। এই সময়ে এসে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে ভোট ইস্যুতে জয়লাভের ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর ইস্যুতে বহুমুখী বিষয় কাজ করছে। প্রথমত রাশিয়ার কাছে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ। দ্বিতীয়ত বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি মার্কিনপন্থি বলে ব্যাপক আলোচনা-সমালোচনা আছে। এই সফর সেই সমালোচনার জবাব যে পররাষ্ট্রমন্ত্রীর শুধু মার্কিন লবিই নয়, বিশ্বব্যাপীই তার বন্ধুত্ব রয়েছে। তৃতীয়ত এই সফরে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে দ্বিপক্ষীয় ইস্যুতে বেশ কিছু সহযোগিতা চাইবে। যার মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানি সহযোগিতা (রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়)। 

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি কোম্পানি রোসাটম, যা রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন। বাংলাদেশে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। রূপপুরের প্রকল্পটি আরও দ্রুতগতিতে বাস্তবায়নের জন্য রাশিয়ার কাছে অনুরোধ জানাবে বাংলাদেশ। রাশিয়া এখন সারাবিশ্ব থেকে কর্মীবাহিনী জোগাড় করছে, সেখানে বাংলাদেশিদের অভিবাসনের জন্য সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় অধ্যয়নের জন্য আরও সুবিধা চাওয়া হবে।

ঢাকার এক কূটনীতিক এই প্রতিবেদককে জানান, চলমান টালমাটাল বিশ্বে সবাই কমবেশি জ্বালানি সংকটে ভুগছে। এই সংকট থেকে মুক্তি পেতে বাংলাদেশ রাশিয়ার সহযোগিতা চায়। এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দাম পরিশোধের ক্ষেত্রে অস্বাভাবিক বাস্তবতা। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশাসনের সখ্য রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে রাশিয়া থেকে তেল কিনতে পারবে কিন্তু ঝামেলা হচ্ছে মূল্য পরিশোধ নিয়ে। কেননা নিষেধাজ্ঞা থাকার কারণে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর নিয়ম মেনে কোনো দেশ রাশিয়া থেকে ক্রয়-বিক্রয় করে সহজে মূল্য আদান-প্রদান করতে পারে না। যেমন প্রতিবেশী দেশ ভারত রাশিয়া থেকে তেল কেনে কিন্তু কীভাবে মূল্য পরিশোধ করে তা প্রকাশ্য না। আবার ভারতে রাশিয়ার দুটি প্রধান ব্যাংকের শাখা রয়েছে। 

নয়াদিল্লি এবং মুম্বাইয়ে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক স্বারব্যাংকের শাখা রয়েছে। যা ২০১০ সাল থেকে কার্যক্রম শুরু করে। 

এ ছাড়া নয়াদিল্লিতে রাশিয়ার ভিটিবি ব্যাংকের শাখা আছে, যা ২০০৮ সালে প্রথম রাশিয়ান ব্যাংক হিসেবে ভারতে কাজ শুরু করে। পররাষ্ট্রমন্ত্রী এই সফরে রাশিয়ার এসব ব্যাংকের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে রাশিয়া থেকে তেল কেনা হলে তার মূল্য কীভাবে পরিশোধ করা যায় সেসব বিষয়ে আলাপ করে সুরাহার পথ বের করবেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে বাংলাদেশকে পাশে চায় রাশিয়া। এই সফরের বৈঠকে মস্কোর পক্ষ থেকে ইস্যুটি উত্থাপন করা হতে পারে। এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি। বৈশ্বিক চলমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে রাশিয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একাধিক ইস্যুতে সহযোগিতা প্রত্যাশা করতে পারে।

আরবিএন 



  বিষয়:   রাশিয়া  জ্বালানি  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: