লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিহতদের মরদেহ গ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি তাদের নিজ জেলা সাতক্ষীরার উদ্দেশে পাঠানো হয়।
আরও পড়ুন
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ পরিবহনের সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে। পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এই দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। ঘটনার পর তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।
এএডি/