মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশইন’-এর মাধ্যমে আনা ছয়জনের কোনো সন্ধান মিলছে না। গত রাতের কোনো এক সময় তারা সীমান্ত এলাকা থেকে চলে যায় বলে জানা গেছে। তবে তারা ঠিক কীভাবে সেখান থেকে সরে গেছে- বিএসএফ নাকি বিজিবি তাদের নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে সেই পুশইন প্রক্রিয়া ব্যর্থ হয়।
পরবর্তীতে জানা যায়, দুই পরিবারের এই ছয়জন- যাদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী এবং একজন শিশু। ভারতে ফিরে যেতে না পেরে কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান নেয়।
আরও পড়ুন
দিনভর তারা সীমান্তের পাটক্ষেত সংলগ্ন এলাকায় অবস্থান করেন বলে স্থানীয়রা জানান। তাদের জন্য বিজিবি ও গ্রামবাসীর পক্ষ থেকে শুকনো খাবার ও পানি সরবরাহ করা হয়।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। রাত পর্যন্ত তারা সেখানেই অবস্থান করেন বলে স্থানীয়রা জানান।
তবে পরে রাত আনুমানিক তিনটার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে- ছয়জন বাংলাদেশে প্রবেশ করেছে, নাকি আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিবুর রহমান বলেন, ‘রাত তিনটার পর থেকে তাদের আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে।’
এএডি/