মাদরাসায় খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময়

2026-10-31T11:18:57+00:00
2026-10-31T11:18:57+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদরাসায় খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম 
আটক অভিযুক্ত সেন্টু। ছবি : সময়ের আলে
রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় বাবুর্চিকে বাঁচাতে এগিয়ে গেলে তার নারী সহকারীও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সেন্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুর্চির নাম ফজের আলী সরদার (৭০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। আহত নারী সহকারী সোনা বান বিবি (৬৫) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।

অভিযুক্ত সেন্টু নাটোর সদর উপজেলার একডালা দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাদরাসার বাবুর্চি ফজের আলী ও তার সহকারী রান্না শেষ করে আবাসিক শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ফজের আলীর কাছে খাবার চান। খাবার না পেয়ে পাশেই রান্নার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি (চলা) তুলে নিয়ে বাবুর্চির মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই ফজের আলীর মৃত্যু হয়।


বাবুর্চিকে রক্ষা করতে এগিয়ে গেলে সোনা বান বিবিকেও মারধর করেন ওই ব্যক্তি। তাদের চিৎকার শুনে মসজিদের মুসল্লি ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

পরে রক্তাক্ত অবস্থায় ফজের আলী ও সোনা বান বিবিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাসান ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনা বান বিবিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতার হাতে আটক ব্যক্তিকে পুলিশের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, খাবার চেয়ে না পেয়ে ওই ব্যক্তি বাবুর্চি ও তার সহকারীকে মারধর করেন। প্রথমে তার পরিচয় জানা না গেলেও সন্ধ্যার পর পরিচয় শনাক্ত হয়। তার নাম মো. সেন্টু। তিনি নাটোর সদর উপজেলার একডালা দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সেন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পুলিশকে জানায়, প্রায় ৮ থেকে ১০ বছর আগে তিনি বাড়ি ছেড়েছেন। তার মাথায় সমস্যা রয়েছে বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোয়ালন্দ  রাজবাড়ী  বাবুর্চি হত্যা  ফজের আলী সরদার  সেন্টু  মাদরাসা  দৌলতদিয়া  নারী সহকারী আহত  গোয়ালন্দ ঘাট থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: