ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও আস্থা ফেরাতে সরকার একটি সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া শুধু ব্যাংকিং খাতকে একা স্থিতিশীল করা সম্ভব নয়।
রোববার (৭ জুন) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার দুর্বলতা সামনে এনে গণমাধ্যম জনমত গঠনে সহায়তা করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, অর্থনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ করতে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর হওয়া প্রয়োজন। অতীতে ভুল বা বিভ্রান্তিকর তথ্যের কারণে দেশের অর্থনৈতিক বাস্তবতা অনেক সময় ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলেও তিনি দাবি করেন। তাই বস্তুনিষ্ঠ ও যাচাইভিত্তিক সংবাদ প্রকাশের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জানান, ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার আনতে সরকার একটি কমিশন গঠনের পরিকল্পনা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে সুশাসন নিশ্চিত না হলে শুধু ব্যাংক খাত বা গণমাধ্যমের একক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোনো তথ্য প্রকাশের আগে তার পেছনে রাষ্ট্রীয় নীতি বা প্রভাব রয়েছে কি না- তা বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম সমাজের বাস্তবতার প্রতিফলন। তবে সেই প্রতিফলন যদি বিকৃত হয়, তাহলে তা জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। এজন্য গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা রাখতে হবে।
সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতের সুশাসন সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। যেসব ব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ড বজায় রাখতে পেরেছে, তারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বলেও তারা মত দেন।
এএডি/