ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
রবিবার (৭ জুন) কসবা থানা পুলিশ কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তা নিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করে। একইসঙ্গে সাব্বিরের পিতা আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
মামলার পর দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করায় কসবা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে তার বন্ধু সাব্বির হোসেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে শনিবার রাতে নিহতের পিতা গিয়াসউদ্দিন চৌধুরী বাদি হয়ে সাব্বির হোসেন ও তার পিতা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর প্রযুক্তির সহায়তায় ৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, ‘সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে আনার পর আমরা বিস্তারিত জানাবো।’
/মহু