আল্লাহর ঘরেও রাজনৈতিক থাবা! কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী বাত্তিরখাল মাছঘাট জামে মসজিদটি স্থানীয় চরকালকিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদের নেতৃত্বে গুঁড়িয়ে দেওয়ার

2026-06-07T17:30:59+00:00
2026-06-07T17:30:59+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
আল্লাহর ঘরেও রাজনৈতিক থাবা! কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৯)
অভিযুক্ত মেম্বার আবদুল মজিদ ও ভেঙে ফেলা ও মসজিদ। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী বাত্তিরখাল মাছঘাট জামে মসজিদটি স্থানীয় চরকালকিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদের নেতৃত্বে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চর মার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এ মসজিদটি গত ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। ঘাটের আড়তদার, মাছ বেপারি, জেলেসহ প্রায় ৩ শতাধিক সাধারণ মুসল্লি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করতেন। গত কয়েক বছর ধরে এখানে জুমার নামাজও অনুষ্ঠিত হতো। এ ছাড়া সকালে মক্তবে স্থানীয় ছেলেমেয়েরা পড়াশোনা করত। 

অভিযোগ রয়েছে, মে মাসের ১ তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে বাত্তিরখাল মাছঘাট কেন্দ্রিক রাজনৈতিক বিভাজন মসজিদের ভেতরেও ছড়িয়ে পড়ে। সম্প্রতি মাছঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে, রাজনৈতিক কোন্দল ও প্রতিহিংসার জেরে আকস্মিকভাবে পুরো মসজিদটি ভেঙে ফেলা হয়।


অনুসন্ধানে জানা গেছে, মসজিদটির উন্নয়নের জন্য বিগত ২০২৪-২৫ অর্থবছরে জিএসআইডি প্রকল্পের মাধ্যমে কমলনগর এলজিইডি অফিস ৩ লাখ টাকা বরাদ্দ দেয়, যা দিয়ে মসজিদের ফ্লোর পাকা করা হয়েছিল। এ ছাড়া সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান মসজিদটির জন্য আরও ৩ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেন। কিন্তু সেই টাকা কাজে লাগানোর আগেই ক্ষমতার দাপটে পুরো মসজিদটি ধ্বংস করে দেওয়া হয়।

অভিযুক্ত মেম্বার আবদুল মজিদ মসজিদ ভাঙার বিষয়টি স্বীকার করে খামখেয়ালি যুক্তি দিয়ে বলেন, ‘ঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে আমরা মসজিদটি সরিয়ে নিয়েছি। ইমাম সাহেবের বেতন আমরাই দিতাম, তাই ঘাটের স্বার্থে মসজিদটি ভেঙে দিয়েছি।’ তবে সচল একটি মসজিদের পাকা ভিটা কেন গুঁড়িয়ে দেওয়া হলো এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেটিজেনরা লিখছেন, আল্লাহর ঘর কখনো কোনো রাজনৈতিক দল বা সমিতির হতে পারে না। এই নোংরা রাজনীতির অবসান চান সাধারণ মানুষ।

উদ্ভূত পরিস্থিতি নিরসন, মসজিদের পবিত্রতা ফিরিয়ে আনা এবং অভিযুক্ত ইউপি সদস্যসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ‘আমি খোঁজ-খবর নিচ্ছি। ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু


  বিষয়:   কমলনগর  মসজিদ  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: