বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে (৭৮) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশালে আদালতে পাঠানো হয়।
বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিনের আবেদন করলে বিচারক মো. নাহিদ ইসলাম আগামী ১০ জুন জামিন শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
সময়ের আলো/জোই