ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি জানাজা ও দাফনের প্রস্তুতির সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কবর খোঁড়ার কাজে অংশ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মজু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর প্রস্তুতের কাজ চলছিল। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি কবরস্থানে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে শিল্ডটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নুরু মিয়ার মৃত্যু হয় এবং সানাউল্লাহকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি দাফন অনুষ্ঠানের প্রস্তুতির সময় এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সময়ের আলো/জোই