দেশের সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (৮ জুন) আনসার সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। এই উদ্যোগ সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করেছে।
বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও থানায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।
এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আনসার সদর দফতর আরও জানায়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।
সময়ের আলো/আআ