মাত্র ছয় দিন আগেই ঘরোয়া ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছিলেন। এবার যেন নিজের সেই বিধ্বংসী রূপও ছাড়িয়ে গেলেন হাবিবুর রহমান সোহান। ৫০ ওভার কিংবা লিস্ট ‘এ’ বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের একক সম্পত্তি বানিয়ে নিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ডানহাতি ব্যাটার।
গতকাল ইউল্যাব মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
এই দুর্দান্ত ইনিংসের আগেও লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে হাবিবুরেরই ছিল। ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর চলতি মৌসুমেই আবাহনীর হয়ে সিটি ক্লাবের বিপক্ষে সমান ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে হাবিবুরের পাশে বসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে গতকাল সিটি ক্লাবের বোলারদের ধোলাই করে মোসাদ্দেককে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন হাবিবুর।
গত সপ্তাহে মোহামেডানের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করেন হাবিবুর। নাহিদ রানার এক ওভারে ২৬ এবং তাসকিন আহমেদের এক ওভারে ২৫ রান নিয়েছিলেন তিনি। তবে গতকাল তার শুরুটা তেমন আক্রমণাত্মক ছিল না। চতুর্থ ওভারের প্রথম বলে নিহাদ উজ জামানকে চার মেরে বাউন্ডারির খাতা খোলেন। নিহাদের পরের ওভারে ২২ রান তুলে নেন হাবিবুর। ২৬ বলেই পৌঁছে যান ফিফটিতে।
হাফ-সেঞ্চুরি পেরোনোর পর আরও বেশি রুদ্রমূর্তি ধারণ করেন এই ব্যাটার। পরের ৫০ রান তুলতে তিনি খরচ করেন মাত্র ১৯ বল। আউট হওয়ার আগে করেন ৫৮ বলে ১৩০ রান। এই ইনিংসটি সাজাতে হাবিবুর ৮টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ১৩টি। শুধু লিস্ট ‘এ’ বা ৫০ ওভারের ক্রিকেটেই নয়, বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টিতেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এই হাবিবুরেরই দখলে।
গত বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা সব সংস্করণ মিলিয়েই যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
সময়ের আলো/জেডি