সীতাকুণ্ডে প্রাইভেটকারে মিলল ৩ কোটি টাকার ইয়াবা

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী প্রাইভেটকার ধাওয়া করে আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট

2026-06-09T22:20:00+00:00
2026-06-09T22:20:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে প্রাইভেটকারে মিলল ৩ কোটি টাকার ইয়াবা
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ০)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই অভিযান চালানো হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী প্রাইভেটকার ধাওয়া করে আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই অভিযান চালানো হয়। 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারে থাকা এক নারী ও এক পুরুষ আরোহী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বড়দারোগাহাট এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়িটি জব্দ করতে পারলেও এর আরোহীরা ততক্ষণে চম্পট দেয়। 

জব্দকৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে নিয়ে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে একটি সন্দেহভাজন গ্যাসের সিলিন্ডার বা ট্যাংকি দেখতে পায় পুলিশ। পরে মেকানিক ডেকে এনে বিশেষ কৌশলে তৈরি ওই ট্যাংকিটি কাটা হলে ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল সাংবাদিকদের জানান, বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সমাজ থেকে নেশা নির্মূল করতে পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে। এই বড় চালানের পেছনে থাকা চোরাচালানিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এখন গাড়ির রেজিস্ট্রেশন ও চেসিস নম্বরের সূত্র ধরে এর প্রকৃত মালিক ও চালককে অনুসন্ধানের কাজ চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুলের নেতৃত্বে এসআই জাফর ও এসআই আশরাফসহ পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সীতাকুণ্ড  প্রাইভেটকার  ৩ কোটি টাকা  ইয়াবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: