গাজীপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় একটি পোশাক কারখানার ম্যানেজার নিহত হয়েছেন। তার নাম মীর জসিম উদ্দিন। তিনি টেক্স ফ্যাশন গ্লোবাল-এর কোয়ালিটি ম্যানেজার ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ সড়কের ওপর মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।
পরে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাফিজ ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পকেটে থাকা ওয়ালেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরিচয়পত্র অনুযায়ী, তার নাম মীর জসিম উদ্দিন, তিনি টেক্স ফ্যাশন গ্লোবাল-এর কোয়ালিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমার টিম সেখানে পাঠিয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব। ময়নাতদন্ত শেষে স্বজনদের পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হবে।
বর্তমানে মীর জসিম উদ্দিনের মরদেহ টঙ্গী সরকারি হাসপাতালে রয়েছে। তার স্বজনদের সন্ধান পেতে সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা কামনা করা হয়েছে।
সময়ের আলো/জোই