জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ শিক্ষার্থী। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক তারা সংসদ ভবনের গ্যালারি থেকে সরাসরি দেখেন।
সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী এ সুযোগ পান। তাদের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মোট আটজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
বেলা পৌনে ২টায় শিক্ষার্থীরা সংসদ ভবনে পৌঁছে এর নির্মাণশৈলী ঘুরে দেখেন। পরে তারা সংসদ ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশনের বৈঠক শুরু হলে তারা বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে কার্যক্রম প্রত্যক্ষ করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ ভবনে এসে অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন।
এদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’ এর গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা হয়। এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।
/এসএকে