যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর বটতলায় ২০১৮ বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙানো যে বাড়িটি ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিতি পেয়েছিল, সময়ের ব্যবধানে তার রং কিছুটা ম্লান হলেও ফুটবলপ্রেমীদের আগ্রহ এখনো কমেনি।
স্থানীয়দের কাছে এটি এখন একটি পরিচিত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বাড়ির মালিক ও কট্টর ব্রাজিল সমর্থক জামির হোসেনের ফুটবল-ভালোবাসাও আগের মতোই অটুট।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ইছাপুর বটতলায় নিজের তিনতলা ভবনে পরিবার নিয়ে বসবাস করেন। ২০১৮ সালের বিশ্বকাপের উত্তেজনার সময় তিনি তার তৎকালীন দোতলা বাড়িটিকে ব্রাজিল দলের পতাকার রঙে সাজিয়ে আলোচনায় আসেন। বর্তমানে ভবনটির নিচতলায় একটি এনজিও অফিস এবং দ্বিতীয় তলায় তার পরিবার বসবাস করছে। চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় তার একটি মোটরসাইকেল শোরুম এবং টিভি-ফ্রিজের শোরুমও রয়েছে।
জামির হোসেন বলেন, ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বাড়িটি সেই রঙে রাঙিয়েছিলেন। এখনো সেই রং অনেকটাই টিকে আছে। এলাকার মানুষ বাড়িটিকে ‘ব্রাজিল বাড়ি’ নামেই চেনে।
তিনি আরও জানান, এবারও ব্রাজিলের সমর্থনে বড় পরিসরে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এতে প্রায় ২০০ থেকে ৩০০টি মোটরসাইকেল অংশ নেবে বলে পরিকল্পনা রয়েছে।
২০১৮ বিশ্বকাপের স্মৃতিচারণ করে তিনি জানান, সে সময় বাড়ি রাঙাতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছিল এবং ব্রাজিলের জার্সি কেনায় আরও প্রায় ২০ হাজার টাকা ব্যয় করেন তিনি। সেই সময় সংগৃহীত প্রায় ৭৫টি জার্সি এখনো সংরক্ষিত আছে, যা আসন্ন শোভাযাত্রায় ব্যবহার করা হবে।
ফুটবল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে জামির হোসেন বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনার খেলা নিয়েও তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন। তার মতে, ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি তা হওয়া উচিত শুধুই আনন্দ ও উৎসবের মধ্যে সীমাবদ্ধ—কোনো ধরনের সংঘাত ছাড়া।
/এসএকে