প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার। ছবি : সময়ের আলোচট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী শিশুর কোনো ক্ষতি হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্টমেট্রো-গ ১২৫০৯৮।
জানা গেছে, প্রাইভেটকারটিতে চালক ছাড়াও এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী শিশু ছিল। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তারা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।
সময়ের আলো/জোই