বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, পরদিন হাসপাতালে মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধরে থানায় নেওয়ার পথে গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর

2026-11-02T14:17:03+00:00
2026-11-02T14:17:03+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, পরদিন হাসপাতালে মৃত্যু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম 
বদলগাছী থানা। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে ভ্যান ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধরে থানায় নেওয়ার পথে গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার পাহাড়পুর বাজার থেকে থানা মোড় এলাকায় যাওয়ার পথে এ গণপিটুনির ঘটনা ঘটে। পরদিন রোববার (১ নভেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম হায়দার আলী (৫০)। তিনি জয়পুরহাট জেলার ভাতশা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের ভ্যানচালক সৌমিককে ৩০০ টাকা ভাড়ায় বদলগাছী নতুন ব্রিজ থেকে আক্কেলপুরে নিয়ে যান হায়দার আলীসহ কয়েকজন। সেখানে বিভিন্ন কৌশলে সৌমিককে দুপুরের খাবার খাওয়ানো হয়। একপর্যায়ে সৌমিক ঘুমিয়ে পড়লে তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান হায়দার আলীসহ অন্যরা।

এ ঘটনায় আক্কেলপুর মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌমিকের পরিবারের সদস্যরা। পরে ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার ভ্যানের সন্ধানে সৌমিকের পরিবারের সদস্যরা বদলগাছী থানায় যান। সেখানে সিসিটিভি ফুটেজ দেখার সময় পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা থেকে থানায় সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি ছবিতে থাকা হায়দার আলীকে শনাক্ত করেন। তারা জানান, ওই ব্যক্তিকে কিছুক্ষণ আগে পাহাড়পুর মোড়ে দেখা গেছে। পরে সৌমিকের পরিবারের সদস্যরা পাহাড়পুর বাজারে গিয়ে তাকে শনাক্ত করেন।

এরপর হায়দার আলীকে ধরে ভ্যানে করে বদলগাছী থানায় নিয়ে আসছিলেন তারা। থানার মোড়ে পৌঁছালে হায়দার আলী ভ্যান থেকে লাফ দিয়ে হাটের ভেতরে পালানোর চেষ্টা করেন। এ সময় সৌমিকের বাবা সামছদ্দিন ‘চোর পালাচ্ছে’ বলে চিৎকার করেন। এরপর বাজারে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে মাইক্রোস্ট্যান্ডের একটি চৌকিতে বসানো হলেও সেখানেও আবার মারধর করা হয়।

গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের কাছে নিয়ে যান সৌমিকের পরিবারের সদস্যরা। পরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শনিবার রাত প্রায় ১০টার দিকে সেখানে ভর্তি করা হয় হায়দার আলীকে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হায়দার আলীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে বদলগাছীতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে শনিবার রাতে বারাতৈল গ্রামে সৌমিকের বাড়িতে গেলে পরিবারের কাউকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে সৌমিকের বাবা সামছদ্দিন, মা শিল্পী ও সৌমিকের সঙ্গে কথা হয়। তারা জানান, ভ্যান হারানোর পর তারা থানায় গিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। পরে পাহাড়পুর বাজার থেকে তাকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন।


সামছদ্দিন বলেন, ‘চোর পালাচ্ছে’ বলে চিৎকার দিলে হাটের লোকজন তাকে মারধর করেন। আমরা তাকে মারিনি। হাটের অনেক লোক তাকে মারধর করেছে। আমরা কাউকে চিনি না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করাই। সকালে তার মৃত্যুর খবর পাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী বদলগাছী মাইক্রোস্ট্যান্ডের চালক সাদ্দাম হোসেন বলেন, সেদিন হাটবার ছিল। হায়দার আলীকে চোর হিসেবে শনাক্ত করার পর বাজারে উপস্থিত লোকজন তাকে মারধর করেন। পরিচিত কাউকে মারধর করতে দেখেননি তিনি। তার ভাষ্য, বাজার করতে আসা লোকজনই মারধরে অংশ নেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক বলেন, শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় হায়দার আলীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার পরিদর্শক মেহেদী মাসুদ বলেন, ভ্যান ছিনতাইয়ের ঘটনায় সৌমিকের পরিবার থানায় জিডি করেছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে হায়দার আলীকে শনাক্ত করেন তারা। থানায় নেওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদলগাছী থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভ্যান ছিনতাই  অভিযোগ  গণপিটুনি  হাসপাতাল  মৃত্যু  নওগাঁ  বদলগাছী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: