ইরান যুদ্ধের সমাপ্তি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম কমে যাবে। এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ভর্তুকি খাতে ব্যয় কমবে বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়। এ ছাড়া নতুন বাজেটে গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে আরও সমন্বয় করতে পারে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ভর্তুকি বরাদ্দ কমতে পারে। এমনকি গত অর্থবছরে ভর্তুকিতে প্রকৃত ব্যয়ের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১৯,০০০ কোটি টাকা বরাদ্দ কমতে পারে।
গত ২০২৪-২৫ অর্থবছরে ভর্তুকিতে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভর্তুকিতে মোট বরাদ্দ রাখা হতে পারে ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৯৫ হাজার ৩১ কোটি টাকা। এ বছরের মূল বাজেটে ভর্তুকিতে বরাদ্দ ছিল ৮৮ হাজার ৯২০ কোটি টাকা।
অন্যদিকে, নতুন অর্থবছরে রফতানি ও রেমিট্যান্সের প্রণোদনা হিসেবে বরাদ্দ রাখা হতে পারে ১৬,০২৫ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ১৫ হাজার ২২৫ কোটি টাকা।
উল্লেখ্য, গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যে ভর্তুকিকে বাজেটে ভর্তুকি হিসেবে ধরে থাকে অর্থ মন্ত্রণালয়।
/মহু