কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর বিলগাথুয়া সীমান্তে ১২ জনকে কেন্দ্র করে একটি পুশইন ও পুশব্যাকের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩ এস পিলার এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বলে জানা যায়। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
এরপর বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় জনতা যৌথভাবে তাদের মাথাভাঙ্গা নদী পার করে আবার ভারতীয় সীমান্তের দিকে ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ভোরের দিকে ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় মানুষ ও সীমান্তরক্ষীরা মিলে তা প্রতিহত করে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে তারা আবার বাংলাদেশে প্রবেশ করতে না পারে। পরিস্থিতি বর্তমানে সীমান্তরক্ষীদের কঠোর পর্যবেক্ষণে রয়েছে।
/এসএকে