বাংলাদেশকে আবারও সম্মানের আসনে ফিরিয়ে আনবে বিএনপি : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি

বিএনপি নেতৃত্বাধীন আগামী সরকার দেশকে আবারও বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন

2026-06-12T14:12:25+00:00
2026-06-12T14:13:34+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজনীতি
বাংলাদেশকে আবারও সম্মানের আসনে ফিরিয়ে আনবে বিএনপি : মঈন খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ২:১৩ পিএম  (ভিজিট : ৩)
ড. আব্দুল মঈন খান। সংগৃহীত ছবি
বিএনপি নেতৃত্বাধীন আগামী সরকার দেশকে আবারও বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং তার সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে প্রতিষ্ঠিত করতে চাই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, স্বাধীনতা-উত্তর একটি যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর রাষ্ট্রকে মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে বিশ্বের বুকে এক অনন্য সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কেবল বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেননি, বরং দেশীয় সম্পদ ও শ্রমের সর্বোচ্চ ব্যবহারে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে এক অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরের মূল কাজ তিনিই শুরু করেছিলেন।

ড. মঈন খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা কেবল আনুষ্ঠানিকতার জন্য জিয়াউর রহমানকে স্মরণ করব না, বরং এমন একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে তাকে স্মরণ করতে হবে যার মাধ্যমে তার উন্নয়ন ও উৎপাদনের রাজনৈতিক আদর্শকে ধারণ ও বাস্তব জীবনে গ্রহণ করা যায়।

জিয়াউর রহমানের আমলের অর্থনৈতিক দর্শনের কথা উল্লেখ করে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন যে বাজেট প্রণয়ন করেছিলেন, তা ঢাকা শহরের তথাকথিত উঁচু তলার বিলাসী মানুষের স্বার্থে ছিল না। তার প্রতিটি নীতি ও বাজেট ছিল এ দেশের প্রান্তিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত উক্ত আলোচনা সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজপথে আন্দোলনের শপথ নেন।

/কহু


  বিষয়:   বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: