ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের নাম ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী অবসরে গেলে দায়িত্বভার গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৩ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সামরিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক কোর ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক বিষয় এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন। এছাড়া বাহিনীর অপারেশনাল পরিকল্পনা, জনবল ব্যবস্থাপনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধীরাজ শেঠের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি, আধুনিকীকরণ এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরবিএন